Published Date : 22nd Nov, 2026 Published by Scolars Bangladesh Scoiety
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশেষজ্ঞ প্রতিনিধি দলে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের সঙ্গে কাজ করার জন্য তাঁকে এই প্রতিনিধি দলের বিশেষজ্ঞ হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রতিনিধি দলের সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, শিক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য ড. আলমকে নির্বাচিত করা হয়েছে।
ড. সৈয়দ বাহাউদ্দিন আলমের শিক্ষাজীবন শুরু হয় বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটে। তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল টুইন প্রযুক্তি, পারমাণবিক শক্তি এবং বৈজ্ঞানিক কম্পিউটিং। বিশেষ করে জটিল বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সমস্যা সমাধানে এআই এবং উন্নত কম্পিউটিং প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছেন তিনি।
গবেষণায় অবদানের জন্য ড. আলম একাধিক গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মর্যাদাপূর্ণ এনএসএফ ক্যারিয়ার অ্যাওয়ার্ড, মার্কিন জ্বালানি বিভাগের ডিস্টিংগুইশড আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড এবং আমেরিকান নিউক্লিয়ার সোসাইটির টেড কুইন আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের ইউএস ফ্রন্টিয়ার্স অব ইঞ্জিনিয়ারিং কর্মসূচির জন্যও তিনি নির্বাচিত হয়েছেন। জ্বালানি খাতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং প্রযুক্তি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এইচপিসিওয়্যারের এডিটরস চয়েস অ্যাওয়ার্ড।
তাঁর গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি উদাহরণ হলো ২০২৭ সালের ইউএস-আরব ফ্রন্টিয়ার্স সিম্পোজিয়ামের জন্য নির্বাচন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস তাঁকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য নির্বাচিত করেছে।
বৈজ্ঞানিক আবিষ্কারে ফাউন্ডেশন মডেলের ব্যবহার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমিসের একটি কমিটিতেও জায়গা পেয়েছেন ড. আলম। জাতীয় পর্যায়ে নিয়োগ পাওয়া ১১ সদস্যের এই কমিটি বৈজ্ঞানিক গবেষণায় উন্নত এআই মডেলের সম্ভাবনা ও প্রয়োগ নিয়ে কাজ করছে।
হোয়াইট হাউসের ন্যাশনাল এআই অ্যাকশন প্ল্যানের পরিপ্রেক্ষিতে ইলিনয় অঙ্গরাজ্য তাঁকে জাতীয় পর্যায়ের এআই নেতা ও বিশেষজ্ঞ হিসেবেও চিহ্নিত করেছে বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে। তাঁর গবেষণাকাজ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সাময়িকী এমআইটি টেকনোলজি রিভিউ এবং সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের বুয়েট থেকে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং সেখান থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিনিধি দলে নির্বাচিত হওয়া ড. আলমের পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। আন্তর্জাতিক পর্যায়ে এআই ও উন্নত প্রকৌশল গবেষণায় বাংলাদেশি বংশোদ্ভূত গবেষকদের অংশগ্রহণেরও একটি উদাহরণ এটি।
সংবাদসূত্র: ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?